ভারতে সিরিজ খেলেও কোনো রাজস্ব পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিংয়ের মতে, ১৯৯৭ সালে আইসিসির আর্থিক কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্তই ক্যারিবীয় ক্রিকেটের দীর্ঘদিনের আর্থিক সংকটের অন্যতম কারণ।
ডিয়ারিং জানান, নতুন নিয়মে দ্বিপক্ষীয় সিরিজের সম্প্রচারস্বত্ব থেকে আয় স্বাগতিক বোর্ডের কাছেই থাকে। ফলে ভারতের মতো বড় বাজার থেকে বিপুল আয় হলেও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ সেই অর্থের অংশ পায় না। তাঁর দাবি, আইসিসির সদস্য দেশগুলোর ভোটে ৯-১ ব্যবধানে পাস হওয়া এই সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের আয়ের প্রধান উৎসকে দুর্বল করে দেয়।
আর্থিক সংকট মোকাবিলায় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমিয়েছে সিডব্লিউআই। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার চুক্তির মেয়াদ সাত মাসে নামানো হয়েছে এবং কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে।