পারিবারিক গল্পের নতুন নাটক ‘আহা জীবন’-এ জুটি হয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ। জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু।
শনিবার (২৪ অক্টোবর) নাটকটির তৃতীয় দিনের শুটিং চলছে বলে জানান নির্মাতা। এতে আরও অভিনয় করছেন আবুল হায়াত ও ডলি জহুর। রঙ্গন মিউজিকের রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে নাটকটি।
চয়নিকা চৌধুরী জানান, পরিবারের এমন কিছু গল্প নাটকটিতে তুলে ধরা হয়েছে, যা মানুষ সব সময় কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারে না। দর্শক এতে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন বলে আশা তাঁর।
সুনেরাহ বলেন, নাটকটিতে একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। এর কিছু দৃশ্য তাঁকে আবেগাপ্লুত করেছে।