ফ্রান্সে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী হামলায় নিহত ১, আহত অন্তত ৫

ফ্রান্সের উত্তরাঞ্চলে বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ থেকে চালানো এক হামলায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত পাঁচজন। শুক্রবার প্যারিসের উপকণ্ঠের ট্রাপেস ও লা ভারিয়ারে এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে ৩৯ বছর বয়সী কেভিন টি নামের এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একটি পেট্রোল পাম্প, মেডিকেল সেন্টার ও শিশুপার্কে এলোপাতাড়ি গুলি চালান। প্রায় ১৫ মিনিট পর তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত পুলিশকে বলেছেন, তিনি ‘বিদেশিদের হত্যা করতে চেয়েছিলেন’। তাঁর গাড়ি থেকে একটি অস্ত্র ও টিয়ার গ্যাসের গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম পেঙ্গো বাসিসিও ওয়াঙ্গি। আহতদের মধ্যে হিজাব পরিহিত এক নারী ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ১২ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটির মা জানিয়েছেন, তাঁর মেয়েকে লক্ষ্য করে আটটি গুলি ছোড়া হয় এবং সংকটাপন্ন অবস্থায় তার অস্ত্রোপচার চলছে। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘটনাটিকে ‘সন্ত্রাসী ও বর্ণবাদী আক্রমণ’ বলে অভিহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজও এটিকে সন্ত্রাসী অপরাধ বলে উল্লেখ করেছেন। হামলাকারীর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। তাঁর এক নিকটাত্মীয়কে হেফাজতে নেওয়া হয়েছে।

ট্রাপেসের মেয়র আলী রাবে হামলাটিকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী আক্রমণ বলে নিন্দা জানিয়েছেন। এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। শনিবার ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানানো হয়েছে।

Translate