আইজিপির সফরকালে খুলনায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে পারহাজী গ্রামের সেনেরবাজার-মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। তাঁর পাঁজরে গুলি লেগেছে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন দিক থেকে রামিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। রামিম তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ জানান, রামিম আশঙ্কামুক্ত। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

ঘটনার সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সমাবেশ শেষে তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের অভিযোগ ছাড়াই ডিজিটাল প্রমাণ বা অন্য তথ্যের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা করার সুযোগ দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইজিপি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান চলছে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করা হচ্ছে।

Translate