পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা দুর্বলতা নিয়ে সতর্কবার্তার পর বাংলাদেশে একাধিক সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংক, ছয়টি ব্যাংক, বিজি প্রেস, ব্যানবেইস, পেট্রোবাংলা ও ভূমিসেবার ওয়েবসাইট বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সাইবার হামলা এড়াতে এবং প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্ধ থাকা ছয় ব্যাংক হলো—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ওয়েবসাইটগুলো আবার চালু করা হবে। এদিকে, ভূমি মন্ত্রণালয়ও রক্ষণাবেক্ষণের জন্য land.gov.bd ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।
এর আগে গত ২২ অক্টোবর সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট পিএইচপির নিরাপত্তা দুর্বলতা নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সার্ভারে পিএইচপির ব্যবহার ও সংস্করণ যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ওয়েবসাইটগুলো বন্ধ থাকার অর্থ এই নয় যে সেগুলোতে ইতিমধ্যে সাইবার হামলা হয়েছে।