গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, কাজ করছে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে পশ্চিম শৈলডুবি এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা বাড়লে আরও ইউনিট যোগ দেয়। গোডাউনে প্রচুর খালি কার্টুন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৭ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগে।

Translate