রবিবার ১৯শে জুলাই, ২০২৬

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে বন্দরে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৫ জুন) সকাল থেকে শুরু হয়েছে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি।

বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলেও তা ধীরগতিতে চলছে, তবে দুই-এক দিনের মধ্যেই পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দেশের ৮০ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে। আমদানিকারকরা গ্রামে ঈদ করতে যাওয়ায় এখনো ঢাকায় তাদের অফিস খুলেননি। তাই বন্দর থেকে পণ্য খালাস তেমন নেওয়া হচ্ছে না। পুরোপুরি কাজ শুরু হতে দুই-একদিন লেগে যাবে বলে মনে করেন তিনি।

এদিকে ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র ট্রাকজট সৃষ্টি হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক বন্দর এলাকায়, বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. শামিম হোসেন বলেন, ঈদের দীর্ঘ ছুটির পর রোববার থেকে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু হতে দুই থেকে তিন দিন সময় লাগবে। বন্দরে পণ্যজট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, তবে প্রচণ্ড গরমে বন্দর অভ্যন্তরে বা ওপেন ইয়ার্ডে হ্যান্ডেলিং শ্রমিকরা কাজ করতে হিমশিম খাচ্ছেন।

Translate