দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। শনিবার রাতে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে আট বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। হামলাকারীরা স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে বারে ঢুকে গুলি চালিয়ে দুটি গাড়িতে করে পালিয়ে যায়।
এরপর রোববার ভোরে কেপটাউনের উপকণ্ঠের একটি বিনোদনকেন্দ্রে আরেকটি হামলায় ১০ জন নিহত ও ১১ জন আহত হন।
দুটি হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। দেশটিতে প্রায়ই গ্যাং-সংঘাতসহ বিভিন্ন কারণে বন্দুক হামলার ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স