জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, নিজস্ব যোগ্যতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই জাইমা এ পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জাইমাকে বাংলাদেশ সরকার কোনো চাকরি দেয়নি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও তার পদায়ন হয়নি। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগটি হয়েছে বলে দাবি করেন তিনি।
জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটেও জাইমা রহমানকে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেখানে তাকে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে পি-৩ পর্যায়ের কর্মকর্তা হিসেবে দেখানো হয়েছে।
মাহদী আমিন বলেন, জাইমার নিয়োগকে রাজনৈতিকভাবে বিতর্কিত না করে তার পেশাগত অর্জন হিসেবে দেখা উচিত। তিনি জানান, নিয়োগের আর্থিক সুবিধা ও সংশ্লিষ্ট প্রক্রিয়া জাতিসংঘের পক্ষ থেকেই পরিচালিত হচ্ছে।