পুরোনো যন্ত্রপাতির পরিবর্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদায়ন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রমও পর্যালোচনা করা হয়।
এ ছাড়া সেনাবাহিনীর নির্মাণাধীন অবকাঠামোয় জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমানোর পরিকল্পনা তুলে ধরা হয়। কমিটির সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।