নেপালের মানাং জেলায় তিব্বত সীমান্তের কাছে হিমলাং হিমল পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। রোববার সকালে আকস্মিক তুষারধসের পর তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নিখোঁজদের মধ্যে কয়েকজন পর্বতারোহী, তাঁদের সহকারী এবং দুজন রাঁধুনি রয়েছেন। অভিযানের আয়োজকদের তথ্য অনুযায়ী, নিখোঁজ ১০ জনের মধ্যে একটি প্রতিষ্ঠানের দুজন এবং আরেকটি প্রতিষ্ঠানের আটজন রয়েছেন।
নেপাল সরকারের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, নিখোঁজদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।