শুক্রবার (২ অক্টোবর) ৬৩ বছরে পা রাখলেন দেশের জনপ্রিয় রকস্টার ও নগর বাউল জেমস। আশির দশকে ‘স্টেশন রোড’ দিয়ে শুরু করে ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘দুঃখিনী দুঃখ করো না’সহ অসংখ্য গানের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন তিনি।
জন্মদিন নিয়ে জেমস জানান, তিনি কখনো ঘটা করে জন্মদিন পালন করেন না। ভক্তরা বিভিন্ন আয়োজন করলে দূর থেকেই সেগুলো উপভোগ করেন। জীবন নিয়ে তার দর্শনও সরল—দুঃখ ধরে না রেখে আনন্দ খুঁজে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।
বর্তমান সংগীতাঙ্গন নিয়ে জেমস বলেন, ডিজিটাল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কারণে গান এখন সহজলভ্য হলেও এর আর্থিক মূল্য কমেছে। নতুন গান করার ইচ্ছা থাকলেও কনসার্ট ও দেশ-বিদেশের সফরের ব্যস্ততায় সময় বের করা কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।
আইয়ুব বাচ্চুর সঙ্গে সম্পর্কের স্মৃতিও তুলে ধরে জেমস বলেন, তাদের মধ্যে ছিল সুস্থ প্রতিযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাচ্চুর চলে যাওয়ায় এখনো তার মাঝে মাঝে রাগ হয় বলেও আবেগ প্রকাশ করেন নগর বাউল।