সায়েদাবাদের দূরপাল্লার বাস যাবে কাঁচপুরে

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

৩০ সেপ্টেম্বর কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি জানান, প্রাথমিকভাবে অস্থায়ী শেডে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস স্থানান্তর করা হবে। যাত্রীদের সুবিধায় কাঁচপুর থেকে সায়েদাবাদে শাটল সার্ভিস চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন টার্মিনালটির গড় কাজ এগিয়েছে ৩০ শতাংশ। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে। এতে দূরপাল্লার বাস রাজধানীর মূল শহরে প্রবেশ না করায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে।

Translate