নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। প্রাথমিক তদন্তে নৌযানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে এসেছে। যাত্রীরা নৌকাটি তীরে নেওয়ার অনুরোধ করলেও চালক তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় রাজ্য সরকার নৌযানে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, নিরাপদ গতি বজায় রাখা এবং লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ায় নিরাপত্তাবিধি না মানা ও ত্রুটিপূর্ণ নৌযান চলাচলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।