অপরাধ দমনে কঠোর হওয়ার প্রস্তাব পুলিশের উচ্চপর্যায়ের সভায়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মর্নিং মিটিংয়ে অপরাধীদের প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

সভায় কর্মকর্তারা বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, মাঠপর্যায়ে পুলিশিং জোরদার এবং বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় বাড়ানো জরুরি। আসামিরা আইনি বাধ্যবাধকতা ও তদন্তের দুর্বলতার কারণে দ্রুত জামিন পাচ্ছে বলেও সভায় আলোচনা হয়।

মাদক নিয়ন্ত্রণে জোর দেওয়ার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পুলিশের অতিরিক্ত আইজিপিকে নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, বডি ক্যামেরা চালু রাখা এবং কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য সংগ্রহের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি মো. আলী হোসেন ফকির মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই।

Translate