যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকি জুতা ও বিভিন্ন যন্ত্রপাতি।
‘লোস ত্রেনেস’ নামে পরিচিত চক্রটি ট্রেনের বাতাস চলাচলের পাইপ কেটে জরুরি ভিত্তিতে ট্রেন থামাত। এরপর অন্য সদস্যরা ট্রেনের কনটেইনার থেকে পণ্য লুট করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে মজুত করতেন বলে অভিযোগ। চক্রটির নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছর বা অপরাধের ধরন অনুযায়ী আরও বেশি কারাদণ্ড হতে পারে।