দিল্লিতে ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত, আয়োজকদের দাবি—শোকপ্রকাশের জন্য সিদ্ধান্ত।
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি ঘোষিত সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আয়োজকদের দাবি, ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
সংবাদ সম্মেলনটি বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের ঠিক আগে আয়োজক কর্তৃপক্ষ তা বাতিলের ঘোষণা দেন।
আয়োজক ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (BHRW) নামের একটি সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দেন। উল্লেখযোগ্যভাবে, এই সংগঠনের কোনো দৃশ্যমান অস্তিত্ব বা স্বীকৃত নথিপত্র পাওয়া যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্মেলনে বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ও প্রাক্তন মন্ত্রী উপস্থিত থাকবেন এবং সাম্প্রতিক গোপালগঞ্জের সহিংসতা’ নিয়ে বক্তব্য দেবেন।
তবে সাংবাদিকরা যখন সম্মেলনস্থলে উপস্থিত হন, তখন মোহাম্মদ আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান—ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী বিমানের দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের জন্য এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে অবস্থান করছিলেন আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা—যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের কয়েকজনের উক্ত সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, “এই দুঃখজনক পরিস্থিতিতে, নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠানটি আপাতত স্থগিত করছি। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।”
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত ব্যানারে এমন একটি সম্মেলনের আয়োজন এবং পরবর্তীতে তা স্থগিত করা—বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাবেক ক্ষমতাসীন দলের ভেতরকার কৌশলের ইঙ্গিতবাহী হতে পারে।