আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৪৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে কোনো বড় ক্ষতি হয়নি এবং জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।