একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।

অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৭ কোটি ৭১ লাখ টাকা। ১২ প্রকল্পের মধ্যে সাতটি নতুন ও পাঁচটি সংশোধিত।

এর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেট্রোরেল লাইন-৫-এর সাউদার্ন রুট, লাইন-৫ নর্দান রুট ও লাইন-১-এর সংশোধিত প্রকল্প, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রাকশন এবং বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ উল্লেখযোগ্য।

এ ছাড়া বরিশাল সেনানিবাস, খুলনা নৌ অঞ্চলের অবকাঠামো, খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ এবং মনপুরায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়েছে। এসব প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজ ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদন করেছেন।

Translate