ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কয়েকটি পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। বুধবার (১৬ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত সামরিক সহায়তা প্যাকেজের মূল্য প্রায় ৫ কোটি ইউরো (৫ কোটি ৮০ লাখ ডলার), যার বড় অংশ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহায়তা প্যাকেজ প্রস্তুতের কথা নিশ্চিত করলেও নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত জানায়নি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্যাকেজে পোল্যান্ডের প্যাট্রিয়ট ব্যবস্থার পিএসি-৩ ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এর আগে জুলাইয়ে পোল্যান্ড ইউক্রেনকে পাঁচটি পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিয়েছিল।
রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেন আকাশ প্রতিরক্ষার মজুত বাড়াতে মিত্রদের কাছে অতিরিক্ত সহায়তা চেয়ে আসছে।