মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, ব্যবসায়ী নিহত

মাদারীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মাদারীপুর সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি শহরের হোটেল মেট্রোর মালিক ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিজেই প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফেরার পথে তাঁতিবাড়ি এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারান সেলিম। এ সময় আগে দুর্ঘটনায় পড়া একটি গাড়ি উদ্ধারের কাজে নিয়োজিত পুলিশের রেকারের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Translate