ডিপসিক ও মিনিম্যাক্সের এআই মডেল বিশ্বব্যাপী ব্যবহারে চীনের অনুমোদন

চীনের দুই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিক ও মিনিম্যাক্সের এআই মডেল বিশ্বব্যাপী ব্যবহারের জন্য রাষ্ট্রীয় অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির সঙ্গে সংশ্লিষ্ট একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের পোস্টে এ তথ্য জানানো হয়।

শুক্রবার ‘ইউইউয়ান তানতিয়ান’ নামের ওই অ্যাকাউন্টের আরেকটি পোস্টে বলা হয়, বিদেশি ইন্টারনেট ব্যবহারকারীরা চীনের অন্যান্য ওপেন সোর্স বৃহৎ ভাষা মডেলকেও একই পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্য জানতে ডিপসিক ও মিনিম্যাক্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

গত ১৬ অক্টোবর চীন এআই মডেল, এজেন্ট ও কম্পিউটিং ক্লাস্টার-সংশ্লিষ্ট প্রযুক্তিসহ ২৩টি প্রযুক্তির ওপর রপ্তানি নিয়ন্ত্রণের প্রস্তাব দেয়। তবে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ এআই প্রযুক্তি রপ্তানির সুযোগ বহাল থাকবে। ওপেন সোর্স প্রযুক্তি রপ্তানি এবং বিদেশে নিজস্ব কম্পিউটিং সেন্টার পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াও সহজ করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর সীমিত করতে বেইজিংয়ের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত নিয়ন্ত্রণের আওতায় বিধিনিষেধযুক্ত প্রযুক্তি ব্যবহার করে তৈরি এআই মডেল বিদেশে ব্যবহারের বিষয়টিও রয়েছে।

Translate