বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অংশীদার হিসেবে যুক্ত হয়েছে গাড়ি বুক। দুই টেস্টের সিরিজের জন্য প্রতিষ্ঠানটি বিসিবিকে ২৫ লাখ টাকা দেবে।
বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে গাড়ি বুককে আনুষ্ঠানিকভাবে পরিবহন সহযোগী ঘোষণা করা হয়। চুক্তি অনুযায়ী, দুই দলের টিম বাসে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং থাকবে।
বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, স্পন্সর সংগ্রহে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও বোর্ড ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। আপাতত এই চুক্তি শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য কার্যকর থাকবে। ভবিষ্যতে অংশীদারত্ব বাড়ানোর আশাবাদ জানিয়েছে দুই পক্ষ।