বিএসইসিতে দুদকের অভিযান, শেয়ারবাজার অনিয়মের তদন্ত চলছে
নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এ অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ অভিযান শুরু হয়।
দুদকের চার সদস্যের একটি টিম, দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে, এই অভিযান পরিচালনা করছে। জানা গেছে, টিমটি প্রথমে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে, এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে তদন্ত চালায়।
এর আগে, ২ মার্চ (রবিবার) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিএসইসিতে অভিযান পরিচালনা করেছিল। তখন টিমটি আইপিও অনুমোদন সম্পর্কিত কোম্পানির আবেদন, দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা প্রতিবেদন এবং চূড়ান্ত অনুমোদনের তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে।
দুদকের প্রাথমিক তদন্তে দেখা গেছে, কিছু কোম্পানি বানোয়াট উপার্জন ও সম্পদ বিবরণী এবং উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে তৈরি করা ব্যালেন্স শিটের ভিত্তিতে আইপিও অনুমোদন পেয়েছে। এতে অনেক ক্ষেত্রেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুপারিশ ও পর্যবেক্ষণ উপেক্ষা করা হয়েছে, যা শেয়ারবাজারে বড় ধরনের অনিয়মের পরিস্থিতি তৈরি করেছে।
এছাড়া, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে জালিয়াতি, অতিরিক্ত মূল্যে শেয়ার বিক্রি, শেয়ার মূল্যের দ্রুত অবনমন এবং বিক্রির পর বিএসইসি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ উঠেছে।
দুদক আরও জানায়, দুর্বল কোম্পানিগুলো অবৈধভাবে অনুমোদন পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই জেড ক্যাটাগরিতে নেমে গেছে। এছাড়া, কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের তৈরি ভুল ব্যালেন্স শিট ও মিথ্যা উপার্জন প্রতিবেদনের ভিত্তিতে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের টিম এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছে।