মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ব্যাংকে নতুন পোশাক নীতিমালা: ছোট হাতা, লেগিংস, জিন্স নিষিদ্ধ। 

বাংলাদেশ ব্যাংকে নতুন পোশাক নীতিমালা: ছোট হাতা, লেগিংস, জিন্স নিষিদ্ধ। 

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২১ জুলাই

বাংলাদেশ ব্যাংক তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। এতে নারীদের জন্য ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রেও নির্ধারিত হয়েছে নির্দিষ্ট পোশাকবিধি, যার মধ্যে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে পেশাদার ও শালীন পোশাক পরিধানের মাধ্যমে কর্মস্থলে শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।

নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, হিজাব বা হেডস্কার্ফ (সাদামাটা রঙের) এবং ফরমাল স্যান্ডেল বা জুতা পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ট স্লিভ, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস নিষিদ্ধ তালিকায় রয়েছে। অন্যদিকে, পুরুষ কর্মীদের জন্য নির্ধারিত পোশাকের মধ্যে রয়েছে ফরমাল শার্ট (লম্বা বা হাফ হাতা), ফরমাল প্যান্ট এবং ফরমাল জুতা। জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “প্রতিষ্ঠানের অভ্যন্তরে শালীনতা ও পোশাকের সাম্যতা বজায় রাখার জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যাতে বাহ্যিক পোশাকের মাধ্যমে অন্যের থেকে আলাদা বা ব্যতিক্রম না হয়ে যান, সেটাই লক্ষ্য।”

তিনি আরও জানান, এই নির্দেশনার মাধ্যমে কারো ওপর ধর্মীয় পোশাক চাপিয়ে দেওয়া হয়নি। হিজাব বা বোরখা বাধ্যতামূলক নয়, তবে যারা পরেন, তাদের ক্ষেত্রে নির্ধারিত রঙের হিজাব ব্যবহার করতে বলা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে, শালীনতা বজায় রাখা এবং পোশাকের মাধ্যমে অনিচ্ছাকৃত শ্রেণিভেদ দূর করা।

নতুন নীতিমালায় বলা হয়েছে, কেউ পোশাকবিধি লঙ্ঘন করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। প্রতিটি অফিস, বিভাগ, প্রকল্প বা ইউনিটে একজন কর্মকর্তাকে এই নির্দেশনা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে বিভাগীয় প্রধানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

পোশাক সংক্রান্ত এই নীতিমালার পাশাপাশি, বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩-এর ৩৯ ধারা অনুযায়ী নারী কর্মীদের প্রতি আচরণবিধি, যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির নিয়ম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকার নির্দেশনাও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, নতুন পোশাক নীতিমালার ফলে অফিসে একটি সুসংগঠিত, শৃঙ্খলাপূর্ণ ও শ্রদ্ধাশীল কর্মপরিবেশ গড়ে উঠবে, যা পেশাগত সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Translate