ফুটসাল ‘স্কলার’ খোদারাহমিকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন বাংলাদেশের

দেশে ফুটবলের আরেক সংস্করণ ফুটসালের নতুন করে যাত্রা শুরু হয়েছে। এএফসি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ইরানি কোচ সাঈদ খোদারাহমিকে নিয়ে ফুটসালের নবযাত্রায় স্বপ্ন দেখছে বাফুফে।

রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেছেন, ‘আমরা যেহেতু এশিয়ান কাপ বাছাইয়ের খুব কাছাকাছি চলে এসেছি। খুব দ্রুত এমন একজন অভিজ্ঞ কোচ পাওয়ায় সেটার জন্য ধন্যবাদ জানাই। এটা একটা বেবি স্টেপ। ফুটসাল একটি ভিন্ন খেলা, ফুটবলের মতো নয়। সারা বিশ্বে খেলাটি নিয়ে অনেক রোমাঞ্চ থাকে। আমি আশা করি বাংলাদেশ শিগগিরই র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেবে। তার (খোদারাহমি) অনেক অভিজ্ঞতা আছে, ফুটসালের যাত্রায় তিনি অনেক বড় অবদান রাখবেন।’

এরপর নতুন করে স্বপ্নের কথা জানালেন তিনি, ‘প্রথমত, আমাদের যে অবকাঠামো নেই এটা সত্যি। তবে আমাদের স্বপ্ন আছে সেখানে পৌঁছানোর। আজকে মাত্র একটি বেবি স্টেপ শুরু হচ্ছে। আমাদের দেশের ৬৩০ খেলোয়াড় এসে ট্রায়াল দিয়ে গেছেন। সেই ট্রায়াল থেকে ৫২ জনকে বাছাই করা হয়েছে। আর একজন প্রবাসী ফুটবলার আছেন। এছাড়া আরও অনেক প্রবাসীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। কিন্তু তারা ফুটবলকে প্রাধান্য দিতে চায়। ইমান আলীর সঙ্গেও কথা হয়েছিল। কিন্তু সে যুক্তরাজ্যে ফুটসাল খেলতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা।’

ফুটসালের অনুশীলন ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে ইমরানুর রহমান আশাবাদী, ‘ফুটসাল খেলার জন্য আমাদের কাছে হ্যান্ডবল ও মিরপুর ইনডোর স্টেডিয়াম আছে। ইনডোরে আর্মি ক্যাম্প চলছে, সেখানে তাদের সঙ্গে বাফুফে সভাপতি ব্যক্তিগতভাবে কথা বলছেন। কোর্ট বিবেচনায় ইনডোর আমাদের জন্য একটু ভালো হবে। আমাদের কোচ যিনি এসেছেন, উনি উনার রিকোয়ারমেন্টগুলো দিলে সেভাবে উনাকে সহায়তা করা হবে।’

তিনি বলে গেলেন, ‘৫৩ জন খেলোয়াড় নিয়ে আমাদের ট্রায়ালটা মঙ্গলবার শুরু করার ইচ্ছা রয়েছে। দুই দিনের ট্রায়াল আমরা করে সিলেকশনের জন্য কোচের যত সময় দরকার, আমরা সে সময় দেবো।’

বাংলাদেশের গ্রুপ বেশ কঠিন। তবে জয়ের স্বপ্ন দেখছেন এই কর্মকর্তা, ‘আমাদের গ্রুপটা আসলে গ্রুপ অব ডেথ বলা চলে। কারণ ইরান র‍্যাঙ্কিংয়ের ৫ নম্বরে আছে, ১৩ বারের চ্যাম্পিয়ন। মালয়েশিয়া স্বাগতিক দল, তাদের র‍্যাঙ্কিং ৭৬ এবং আরব আমিরাত ৯৭-তে আছে। আর আমাদের এখনও র‍্যাঙ্কিংই হয়নি। তবে স্বপ্ন দেখতে দোষ নেই। আমরা চাইবো দুটো ম্যাচ জিতে কোয়ালিফাই করার। ন্যুনতম স্বপ্ন হচ্ছে এটা। আমার আশাবাদী এবং ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই আমরা জেতার ক্ষমতা রাখি।’

ইরানি কোচ খোদারাহমির নিয়োগের পেছনে যুক্তি তুলে ধরে ইমরানুর বলেন, ‘উনি কিন্তু ফুটসালের স্কলার। কোচ হিসেবেও কিন্তু মিয়ানমারের যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন র‍্যাঙ্কিংয়ে ১০৩-এ ছিল। সেখান থেকে তিনি ৮০-তে নিয়ে এসেছেন। ফুটসালে ২৩ ধাপ র‍্যাঙ্কিং বাড়ানো খুবই কঠিন কাজ। তার মধ্যে নিবেদন ও প্যাশন আছে। আমাদের মনে হয়েছে তিনিই সঠিক ব্যক্তি। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।’

Translate