উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শাটডাউন

মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মূল ফটকে তালা দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে বন্ধ থাকে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ে।

সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক সমিতিও মানববন্ধন করেছে। গত ২৭ জুলাই অধ্যাপক সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সোমবার তাকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলবে।

Translate