শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

প্রথমবার বাংলাদেশের রিংয়ে নামার আগে উচ্ছ্বসিত জিনাত

যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে খেলেছেন। তবে ২০২৩ সালে চীনে বক্সিংয়ের প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হয়েছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী নারী বক্সারকে। মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ পয়েন্টের ব্যবধানে হেরে যান।

সেবার হাংজু জিমনেসিয়ামে ৫০ কেজি ওজন শ্রেণিতে প্রথমবার বাংলাদেশের জার্সিতে নেমেছিলেন জিনাত। এবার বাংলাদেশের ঘরোয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন ৩১ বছর বয়সী বক্সার। ৫২ কেজি ওজন শ্রেণিতে কাল সোমবার লড়বেন। ২০ ঘণ্টা হয়নি ঢাকায় এসেছেন। এসেই আজ বক্সিং ফেডারেশনে পা দিয়েছেন।

বাংলাদেশে এসেছেন জিনাত

দেশের বক্সিং রিংয়ে সাফল্য পেতে চান জিনাত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশের হয়ে আগে খেলেছি। এবার ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে এসেছি। নিজেকে এখানে প্রমাণ করতে চাই। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। বাংলাদেশের রিংয়ে প্রথম খেলবো। বলতে পারেন উচ্ছ্বসিত আমি।’

জিনাত ২৭ বছর বয়সে বক্সিং শুরু করেছেন। এখন তার বয়স ৩১। ত্রিশ পেরিয়ে গেলেও বয়স তার কাছে কোনও বাধা নয়। লাল সবুজ জার্সিতে সামনে অলিম্পিক গেমসেও প্রতিনিধিত্ব করার স্বপ্ন তার, ‘বয়স যাই হোক পরিশ্রম করে সামনের দিকে এগোতে চাই। আমি মনে করি বাংলাদেশের হয়ে সামনের দিকে আমার সাফল্য পাওয়ার সুযোগ আছে। এসএ গেমসসহ অলিম্পিক গেমসেও। আর চীনে এশিয়ান গেমসে দিনটি আমার ছিল না। মাত্র দুই বছরের অভিজ্ঞতা নিয়ে খেলেছিলাম। তার ওপর প্রতিদ্বন্দ্বীও ভালো ছিল।’

 

Translate