চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খানকে মৃত্যুর চার দিন পর রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানে দাফন করা হয়েছে। গত ১১ অক্টোবর সন্ধ্যায় তিনি মারা যান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আজিমপুর কবরস্থান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান, অভিনেতা আরজু, অভিনেত্রীর বড় ছেলে শাবাব নাসিম রহমানসহ পরিবারের সদস্যরা। দুই ছেলের ফেরার অপেক্ষায় চার দিন তাঁর মরদেহ হিমঘরে রাখা হয়েছিল। বড় ছেলে দেশে ফিরলেও নিখোঁজ ছোট ছেলে কুশলের দেখা মেলেনি।
১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাসিমা খানের। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাঁকে দেখা যায়।