১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে আটক হওয়া পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শশীদল সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।

ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। বৃহস্পতিবার রাতে আশাবাড়ি এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত ভুলবশত সীমান্ত অতিক্রম করেন। পরে তাঁকে ছাড়িয়ে আনতে গিয়ে এএসআই ইমরানও আটক হন।

বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের পর দুই পুলিশ সদস্যের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনা হয়।

Translate