ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ৫, তিনজনই শিশু

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের তিনটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভবনটির উপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর ঝুলে রয়েছে। ১৯৮৭ সালে নির্মিত ভবনটির ওপরের তলাগুলো পরবর্তী সময়ে নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান। দুর্ঘটনার পর আশপাশের এলাকার ৫৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলার একটি দোকানের ব্যবস্থাপক গত এপ্রিল থেকেই কাঠামোয় ফাটল দেখতে পেয়েছিলেন। ত্রুটিপূর্ণ নির্মাণ ও নিম্নমানের সামগ্রীর কারণে ইস্তাম্বুলের প্রায় ১ হাজার ২০০টি ভবন ধসের ঝুঁকিতে থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Translate