মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেকের দূষণ, ময়লা-আবর্জনা ও অবৈধ স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকেরা। লেকের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ দখল বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, শকুনি লেক মাদারীপুরের ঐতিহ্য ও নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। লেককে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে প্রশাসন, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভা থেকে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।