ফটিকছড়িতে আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর।
বুধবার (১২ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ফটিকছড়ির বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়নের সুযোগ, স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়। এ সময় ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও পরিকল্পনা তুলে ধরেন এমপি সরোয়ার আলমগীর।
সাক্ষাতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ফটিকছড়ির সম্ভাবনা যাচাইয়ে দ্রুত কমিটি গঠন এবং সার্ভে টিম পাঠানোর মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এমপি সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এ সাক্ষাতের মাধ্যমে সেই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ফটিকছড়ির স্থানীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন ঘটবে।