দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বঙ্গোপসাগরে প্রায় ৯৫০ মিলিয়ন ডলার ব্যয়ে স্থায়ী এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে রাশিয়ার জ্বালানি কোম্পানি নোভাটেক মিডল ইস্ট। প্রস্তাবটি পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত গ্র্যাভিটি বেইজড স্ট্রাকচার (জিবিএস) টার্মিনাল সমুদ্রতলে স্থায়ী কংক্রিট কাঠামোর ওপর নির্মিত হবে। এতে এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরের পাশাপাশি ছোট জাহাজে করে নারায়ণগঞ্জের মেঘনাঘাট, আশুগঞ্জ, ঘোড়াশাল ও ভেড়ামারায় এলএনজি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট। ঘাটতি পূরণে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত এলএনজি আমদানিতে প্রায় ২ লাখ ৭৬ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।
তবে জ্বালানি বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন টার্মিনালের আর্থিক ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা প্রয়োজন। পেট্রোবাংলা জানিয়েছে, নোভাটেকের প্রস্তাব নিয়ে এখনো মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত হয়নি।