সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।
বাংলা ট্রিবিউনকে আসিফ আকবর জানান, তিনি সুস্থ আছেন এবং চিন্তার কোনো কারণ নেই। তাঁর ভাষ্য, দুর্বৃত্তদের লক্ষ্য ছিলেন তিনি, তবে তারা সফল হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগে থেকেই পার্কিং করা গাড়িটিতে সিএনজিচালিত অটোরিকশায় আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সেটি জব্দ করেছে।