গত ১৭ বছরে স্বাস্থ্য খাত ধ্বংস ও লুটপাটের কারণে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে গতি ফিরিয়ে আনতে এবং জনগণকে মানসম্মত সেবা দিতে সরকার কাজ করছে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, ১৯৭৯ সালে উপজেলা হাসপাতালগুলো ১৯ শয্যা নিয়ে যাত্রা শুরু করে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। এরপর আর শয্যা বাড়ানো হয়নি।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি ডেঙ্গু ও হামসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।