কক্সবাজার বিমানবন্দরের নেভিগেশন লাইটে বারবার চুরি

আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতির মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নেভিগেশন অবকাঠামো থেকে বারবার বৈদ্যুতিক কেবল ও যন্ত্রাংশ চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রানওয়ের উত্তর প্রান্তে সমুদ্রের মধ্যে পাইলিংয়ের ওপর স্থাপিত ক্যাটাগরি-২ অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমে এসব চুরির ঘটনা ঘটছে। আগামী ২৬ অক্টোবর আইকাওয়ের নিরাপত্তা অডিটের আগে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিমানবন্দরের এই লাইটিং ব্যবস্থা রাত, কুয়াশা ও কম দৃশ্যমানতায় উড়োজাহাজকে নিরাপদে অবতরণে সহায়তা করে। গত ৭ অক্টোবর বেবিচকের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। তবে চুরির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ও আধুনিক নেভিগেশন ব্যবস্থা স্থাপনসহ বড় উন্নয়ন প্রকল্প চলছে। সংশ্লিষ্টরা চুরির ঘটনা তদন্ত এবং স্পর্শকাতর অবকাঠামোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Translate