শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে দেশজুড়ে অভিযান চলছে। পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, গত এক মাসে সারা দেশে ৫৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের বড় অংশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
পুলিশ জানিয়েছে, আত্মগোপনে থেকে দলীয় কার্যক্রম পরিচালনাকারীদের তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশও ডিসেম্বর ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত না করার কথা জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কর্মীদের মনোবল চাঙা করার কৌশল কিংবা আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার অংশ হতে পারে। তবে সমঝোতা ছাড়া প্রত্যাবর্তন ও প্রতিরোধের পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।