বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার পর এবার ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ বিমান ও এয়ারবাসের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
চুক্তির আওতায় বিমানের বহরে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে। দূরপাল্লার রুটে এ৩৫০-৯০০ এবং আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে এ৩২১নিও ব্যবহার করা হবে।
উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হয়ে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে। এয়ারবাসের ১০টি ও বোয়িংয়ের ২৫টি মিলিয়ে দীর্ঘমেয়াদে বিমানের বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।