ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ। বুধবার (৭ অক্টোবর) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তার বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
বর্তমানে দুই দেশের বছরে প্রায় ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হলেও বাংলাদেশ বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে রয়েছে। রপ্তানি বাড়াতে তৈরি পোশাক, ওষুধ, ভ্যাকসিন, আলু ও কৃষিপণ্যের ইন্দোনেশীয় বাজারে প্রবেশ সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া, হালাল সনদের পারস্পরিক স্বীকৃতি, জ্বালানি সহযোগিতা এবং কয়লা আমদানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি বাড়াতে জাকার্তায় ফার্মাসিউটিক্যালস পণ্যের প্রদর্শনী আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়ে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।