হরমুজ প্রণালি খুলে দেওয়া ও নৌ-অবরোধ প্রত্যাহার নিয়ে ইরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ইরান এ তথ্য জানিয়েছে। তবে মার্কিন জবাবের বিস্তারিত বা প্রস্তাবটি গ্রহণ, প্রত্যাখ্যান নাকি আরও আলোচনার জন্য রাখা হয়েছে—তা এখনো স্পষ্ট নয়।
ইরানের একটি সূত্র জানিয়েছে, মার্কিন জবাব পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে পৌঁছেছে এবং তিনি তা সরকারের কাছে পাঠিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তেহরান জানিয়েছিল, তারা আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি।
ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া, জব্দ করা অর্থ ছাড়, বিভিন্ন ফ্রন্টে লড়াই বন্ধ এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলেও কয়েক দিনের মধ্যেই তা ভেস্তে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, নতুন প্রস্তাবে জুনের যুদ্ধবিরতিতে থাকা শর্তগুলোই পুনরায় রাখা হয়েছে।