চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্মকর্তা সুমন আল মুকিত।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১০টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ছুরি, বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল (যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা), ৪টি ব্যাটারি এবং নগদ ২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি দুই চোরকেও আটক করা হয়েছে।
অপরদিকে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পতেঙ্গা থানাধীন ১১নং ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। সেখানে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা প্রায় ১ লাখ ৮০ হাজার ৫’শ টাকার ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।