পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। শনিবার সড়কের পাশে থাকা চেকপোস্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে টিটিপি ও বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) হামলা বেড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটিতে টিটিপিকে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করলেও কাবুল তা অস্বীকার করে আসছে।