মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬

১৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সিলেটে আসছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে বুধবার সন্ধ্যায় সিলেটে আসছেন। প্রতিনিধিদলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন। বুধবার রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তার এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো বুধবার সেখানে যাবেন তিনি।’

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ বিমানের একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিএনপির চেয়ারম্যান প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন।’

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দলের চেয়ারম্যান এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন।

হোটেল সূত্রে জানা গেছে, সেটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন।

স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তারেক রহমান আজ আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তার থাকার কথা রয়েছে। সেখান থেকে রাতে শ্বশুরবাড়িতে যাবেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।

Translate