চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী গ্রেফতারের অভিযানে হামলার শিকার হয়ে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ জানুয়ারি) দলটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারে অভিযান চালায় র্যাব। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে মব তৈরি করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। পরে ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াসহ চার জনকে জিম্মি করে পৈশাচিকভাবে মারধর ও গুলি করা হয়। এতে মোতালেব হোসেন ভূঁইয়া শাহাদাৎ বরণ করেন এবং আরও তিন জন সদস্য গুরুতর আহত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় তিনি নিজের জীবন উৎসর্গ করতে কোনও কুণ্ঠাবোধ করেননি। দেশ ও মাতৃকার জন্য তার এই ত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।
এনসিপি জানায়, ৫ আগস্ট থেকে এ পর্যন্ত দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে একটি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কয়েকশ সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিহত হয়েছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন ন্যাক্কারজনক হামলায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকার যদি অবিলম্বে জিরো টলারেন্স নীতিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।