রবিবার ১৯শে জুলাই, ২০২৬

ভয়াবহ আগুনে ইরানের ১০টি জাহাজ পুড়ে ছাই

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজ পুড়ে ছাই হয়েছে।

ইরানী বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজগানের পারসিয়ান কাউন্টির বুস্তানো গ্রামে জাওয়াদ আল-আইম্মাহ ঘাটে বৃহস্পতিবার সকালের দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়।

পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ১০টি বাণিজ্যিক জাহাজ পুড়ে যায়। ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও দমকল বাহিনী ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে।

হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মেহরদাদ হাসান-জাদে জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

তিনি জানান, পার্শ্ববর্তী ফারস ও বুশেহার প্রদেশ থেকে দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। লামার্দ ও আসালুয়েহ শহর থেকে দমকল যান, বুশেহার ও শাহিদ রাজায়ী বন্দরের অগ্নিনির্বাপক নৌকা এবং বস্তাক, বন্দর লেঙ্গেহ ও পারসিয়ানের স্থানীয় উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

হাসান-জাদে আরও বলেন, আগুন যেন আরও না ছড়িয়ে পড়ে সেজন্য প্রদেশের সব রকমের লজিস্টিক ও জরুরি সক্ষমতা কাজে লাগানো হয়েছে।

তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করেন তিনি।

Translate