এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে সর্বনিম্ন ১৫০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে https://gobcbticket.com.bd/ ওয়েবসাইট থেকে কেনা যাবে টিকিট। সব টিকিটই দেওয়া হবে অনলাইনে।
সিরিজ শুরুর আগে কাল (বুধবার) বাংলাদেশে পৌঁছাবে ডাচরা, এরপর তিন দিনের প্রস্তুতি শেষে ৩০ আগস্ট শুরু হবে প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে দর্শকদের জন্য সুখবর-ই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তুলনায় অর্ধেক দামে দেওয়া হবে এই সিরিজের তিন ম্যাচের টিকিট। পাকিস্তান সিরিজের প্রতি ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৩০০ টাকা। এর আগে ২০২৫ বিপিএলের সিলেট পর্বেও টিকিটের সর্বনিম্ন দাম ছিল ১৫০ টাকা।
সিলেটে হতে যাওয়া সিরিজের সব ক্যাটাগরির টিকিটের দামই কমানো হয়েছে। গ্রিন হিল এরিয়াতে বসে খেলা দেখার জন্য টিকিটের দাম সবচেয়ে কম, ১৫০ টাকা। এছাড়া শহীদ তুরাব স্ট্যান্ডের (আগের পূর্ব গ্যালারি) টিকিটের মূল্যও ১৫০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২ হাজার টাকা। ডিরেক্টরদের এনক্লোজারে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২ হাজার টাকা।