দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দিবাগত রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাঁদের চার দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পুলিশের রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচার, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং সরকারবিরোধী প্রচারণার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত।
রাষ্ট্রপক্ষ তাঁদের রিমান্ডের পক্ষে যুক্তি দিলেও আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে জামিন আবেদন করেন। ডিএমপি জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের নজরদারিতে রাখা হয়েছিল এবং তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।