স্বাধীন চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী উৎসব সানড্যান্স ফিল্ম ফেস্টিভাল ২০২৬–এর জুরি সদস্যদের নাম ঘোষণা করেছে। আগামী ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের উটাহ স্টেটের পার্ক সিটি ও সল্ট লেক সিটিতে সরাসরি এবং অনলাইনে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।
চার দশকের বেশি সময় ধরে নতুন গল্পকারদের বিশ্বমঞ্চে তুলে ধরার যে দায়িত্ব সানড্যান্স বহন করে আসছে, সেই দায়িত্ব এবার কাঁধে নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সমালোচক ও সাংস্কৃতিক চিন্তকদের সমন্বয়ে গঠিত ১৭ সদস্যের একটি শক্তিশালী জুরি বোর্ড।
সানড্যান্স ইনস্টিটিউটের ফেস্টিভাল পরিচালক ইউজিন হার্নান্দেজ বলেন, ‘এই বছরের জুরি বোর্ড এমন শিল্পীদের প্রতিনিধিত্ব করছে, যারা ঝুঁকি নিতে জানেন এবং গল্প বলাকে সামাজিক দায়িত্ব হিসেবে দেখেন।’
এবারের জুরি বোর্ডে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র আন্দোলনের প্রতিনিধিত্ব স্পষ্ট। অভিনেত্রী তাতিয়ানা মাসলানি, নির্মাতা নিশা গনাত্রা, ডকুমেন্টারি কিংবদন্তি জেনি লিভিংস্টন–এর মতো নামগুলো উৎসবের কিউরেটোরিয়াল গুরুত্ব বাড়িয়েছে।
১৭ সদস্যের এই জুরি দলটি চলচ্চিত্র, শিল্প ও সংস্কৃতির নানা ক্ষেত্রের প্রভাবশালী কণ্ঠ নিয়ে গঠিত। যারা শিল্পী-কেন্দ্রিক গল্প বলার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, প্রচার ও সম্পৃক্ততার ক্ষেত্রে বহু দশকের অভিজ্ঞতা বহন করেন। এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন আরও পাঁচজন জুরি সদস্য, যারা আলফ্রেড পি. স্লোন ফিচার ফিল্ম প্রাইজ প্রদান করবেন। তাদের প্রত্যেকের রয়েছে বিজ্ঞান ও গল্প বলার সংযোগস্থলে বিশেষ দক্ষতা।
২০২৬ সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্যরা হলেন- যুক্তরাষ্ট্রের ড্রামাটিক প্রতিযোগিতা বিভাগে: জ্যানিচা ব্রাভো, নিশা গানাত্রা ও আজাজেল জ্যাকবস; যুক্তরাষ্ট্রের ডকুমেন্টারি প্রতিযোগিতা বিভাগে: নাটালিয়া আলমাদা, জাস্টিন চ্যাং ও জেনি লিভিংস্টন; ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক প্রতিযোগিতা বিভাগে: আনা কাটজ, সো ইয়ং কিম ও তাতিয়ানা মাসলানি; ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি প্রতিযোগিতা বিভাগে: টনি কামাউ, বাও গুয়েন ও কার্স্টেন শ্যাফার; শর্ট ফিল্ম প্রোগ্রাম প্রতিযোগিতা বিভাগে: লিভ কনস্টেবল-ম্যাক্সওয়েল, এ.ভি. রকওয়েল ও মার্টিন স্টার; এবং নেক্সট বিভাগে: জন কুপার ও ট্রেভর গ্রোথ।
আলফ্রেড পি. স্লোন ফিচার ফিল্ম প্রাইজের জুরি সদস্যরা হলেন: সোফি বার্তেস, ড. হেদার বার্লিন, ড. আন্দ্রেয়া ঘেজ, আরি হ্যান্ডেল ও নিকোল পার্লম্যান।
প্রোগ্রামিং ডিরেক্টর কিম ইউতানি জানান, এবারের অনেক জুরি সদস্যই একসময় সানড্যান্স থেকেই তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন। এ কারণে এবারের জুরি নির্বাচন একটি ‘ফুল সার্কেল মোমেন্ট’ হতে যাচ্ছে।
সরাসরি উপস্থিত দর্শকরা ২০২৬ সালের অডিয়েন্স অ্যাওয়ার্ড নির্বাচনে অংশ নেবেন, যা যুক্তরাষ্ট্র ও বিশ্ব প্রতিযোগিতা এবং নেক্সট বিভাগের চলচ্চিত্রগুলোর জন্য প্রযোজ্য। দর্শকরা ফেস্টিভ্যাল ফেভারিট পুরস্কারের জন্যও ভোট দিতে পারবেন, যা সরাসরি প্রদর্শিত সব যোগ্য ফিচার চলচ্চিত্র থেকে নির্বাচিত হবে। অডিয়েন্স অ্যাওয়ার্ডগুলোর নাম ঘোষণা করা হবে শুক্রবার, ৩০ জানুয়ারি, অ্যাওয়ার্ডস সেরিমনিতে।