অনলাইনে দেখানো দামের চেয়ে ৪০ থেকে ৪৭ শতাংশ বেশি বুফের বিল নেওয়ায় একটি রেস্তোরাঁ ও অনলাইন বুকিং প্ল্যাটফর্মকে এক ভোক্তাকে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির ভোক্তা কমিশন।
একই সঙ্গে রেস্তোরাঁটিকে অতিরিক্ত নেওয়া ৩ হাজার ৯৮৮ রুপি এবং ২৫৪ রুপি সার্ভিস চার্জ ফেরত দিতে বলা হয়েছে। ২০২৪ সালের ৭ এপ্রিল ১০ জনের জন্য টেবিল বুক করার পর অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগে প্রবীণ কুমার সিং কমিশনে অভিযোগ করেছিলেন।
কমিশন বলেছে, বুকিংয়ের সময় প্রদর্শিত দামের সঙ্গে চূড়ান্ত বিলের এত বড় পার্থক্য ভোক্তার জন্য বিভ্রান্তিকর। অনলাইন প্ল্যাটফর্মটি নিজেকে মধ্যস্থতাকারী দাবি করলেও কমিশন জানিয়েছে, রেস্তোরাঁর সঠিক মূল্যতালিকা থাকা সত্ত্বেও স্পষ্ট সতর্কতা ছাড়াই কম দাম দেখানো হয়েছিল। তাই রেস্তোরাঁ ও প্ল্যাটফর্ম—দুজনকেই দায়ী করা হয়েছে।